ওনারা এ দেশে জন্মগ্রহণ করেননি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তিনি নিজে ছাড়া অন্য সব শাসক এ দেশে জন্মগ্রহণ করেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ জন্য এ দেশের মাটির প্রতি তাদের টান বেশি। দায়িত্ব বেশি।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন শাসক আমাদের মাঝে এসেছে। কিন্তু এ দেশের মানুষ তাদের মেনে নেয়নি। তবে এ মাটির সন্তান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এ দেশকে শুধু স্বাধীন করেননি, এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তারপর আমিই একজন আছি।’
এর বাইরে আর যারা যখন শাসনক্ষমতায় তাদের জন্ম এ দেশে নয় বলে জানান বঙ্গবন্ধু-তনয়া শেখ হাসিনা। তিনি বলেন, ‘তাদের বিষয়ে যদি খোঁজ নিয়ে দেখেন, তাহলে জানতে পারবেন ওনারা এ বাংলার মাটিতে জন্মগ্রহণ করেননি। আশপাশের দেশে জন্মগ্রহণ করে আমাদের দেশে এসেছেন। তাই আমাদের (বঙ্গবন্ধু ও শেখ হাসিনা) একটা মাটির টান আছে।’
জাতিসংঘের অধিবেশনে প্রথম বাংলা ভাষায় বঙ্গবন্ধুর ভাষণের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘আমি ১৯৯৬ সালে সরকার গঠন করে ক্ষমতায় আসার পর থেকে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রতি বছর বাংলায় ভাষণ দিয়ে থাকি। কারণ আমি মনে করি এতে আমার ভাষার মাধুর্য অন্যরা জানতে পারে।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভারতের শিক্ষাবিদ নমিতা সেন প্রমুখ।























