বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দিনব্যাপী সফরে সরকারি ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) মুক্তাগাছা উপজেলায় সফরকালে তিনি জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, প্রকল্পের বরাদ্দের চেক বিতরণ, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
সফরের অংশ হিসেবে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
দিনব্যাপী কর্মসূচিতে মুক্তাগাছা উপজেলা ও পৌর শহরে জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত এবং বর্তমানে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় প্রকল্পগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার বিষয়টিও তাঁর সফরের কর্মসূচিতে গুরুত্ব পায়। ডেঙ্গু এবং হাম-রুবেলা রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
সফরকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পরিষদের প্রশাসক। এ সময় জেলা পরিষদের ডাকবাংলো ও মিলনায়তন পরিদর্শন করে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি।
এসব কর্মসূচিতে ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনের কর্মসূচির শেষ পর্যায়ে বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর দিনব্যাপী মুক্তাগাছা সফরের কার্যক্রম সম্পন্ন হয়।











