‘বিএনপির চেয়ারপারসন, আপনি পদ থেকে পদত্যাগ করুন’

খালেদা জিয়াকে বিএনপির চেয়ারপারসনের পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন, আপনি পদ থেকে পদত্যাগ করুন।
বুধবার দুপুরে সেগুনবাগিচায় স্বাধীনতা হল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে, তখন খালেদা জিয়া বলেছিলেন, ন্যূনতম লজ্জা থাকলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আজ আমি বলতে চাই, উনার ন্যূনতম লজ্জা থাকলে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।
তিনি বলেন, বিশ্বব্যাংকের ওকাম্পো টিম সে সময়ের যোগাযোগমন্ত্রী আবুল হোসনকে রিমান্ডে নিতে বলেছিল। আজ প্রমাণ হয়েছে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। সুতরাং পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে যারা ষড়যন্ত্র করেছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হোক।
বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি প্রত্যাখান করে হাছান মাহমুদ বলেন, ইসিকে বিতর্কিত করার চেষ্টা যখন সফল হয়নি, তখন তারা ফের নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলছে। সংবিধানের আলোকেই বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো হেরফের হবে না।




























