ম্যাজিক বাউলিয়ানায় ভুল তথ্য:
আসল দুর্বীন শাহ, ভুল দুর্বীন শাহ

মারিয়া ভুজঙ্গ তীর, কলিজা করিলো চৌচির… কিংবা, নির্জন যমূনার কুলে, বসিয়া কদম্ব ডালে বাজায় বাঁশী বন্ধু শ্যামরায় ..
কে না শুনেছে তাঁর লেখা এসব গান। সেই গানগুলির লেখক দুর্বীন শাহের ছবির পরিবর্তে আমাদের টিভি অনুষ্টান গুলোতে যদি অন্য কোন ব্যক্তির ছবি দেখিয়ে বলে এই হলেন দুর্বীন শাহ, তখন কেমন লাগে ? বিষয়টা খোলেই বলি …

প্রবাসী হবার কারণেই দেশ থেকে প্রচারিত অনুষ্টানমালা সঠিক সময়ে দেখা সম্ভব হয়না। ইউ টিউব থেকে পরে দেখে নিয়েই তৃপ্তি মেটাতে হয়। প্রিয় অনুষ্টান গুলোর মধ্যে লোক সংগীত বিষয়ক অনুষ্টানের প্রতি আগ্রহের সুবাদে ম্য্যাজিক বাউলিয়ানার অনুষ্টান গুলো আমার খুবই প্রিয়। খোঁজে খোঁজে এর বিভিন্ন পর্ব গুলো ইউ টিউব থেকে দেখার চেষ্টা করি। ক’দিন আগে ম্যাজিক বাউলিয়ানার সেরা কন্ঠ প্রতিযোগীতা ২০১৬ পর্ব-৪ (সিলেট) দেখছিলাম। অবাক হলাম, সে অনুষ্টানের ভূমিকা অংশে সিলেটের মরমী বাউল মহাজনদের পরিচিতি দেবার সময় উপস্থাপক হাছন রাজা, দুর্বীন শাহ, প্রমূখের নাম উল্লেখ করে যাচ্ছিলেন, আর সাথে সাথে পর্দায় ভেসে উঠছিলো সংশ্লিষ্ট মরমী মহাজনের ছবি। যখন হাছন রাজার নাম বলা হলো, হাছন রাজার ছবি ভেসে উঠলো, রাধারমন দত্তের নাম বলার সাথে সাথে রাধারমন দত্তের ছবি ভেসে উঠলো, কিনতু দুর্বীন শাহের নাম বলার সাথে সাথে দুর্বীন শাহের পরিবর্তে ভুল ব্যক্তির ছবি দেখানো হলো। অর্থাৎ যাকে দুর্বীন শাহ বলা হলো, তিনি দুর্বীন শাহ নন্ !!
ম্যাজিক বাউলিয়ানার অনুষ্টান গুলো আমার খুবই পছন্দের অনুষ্টান। বোধ করি শীর্ষ জনপ্রিয় লোকজ অনুষ্টানের একটি এই ম্যাজিক বাউলিয়ানা। তাই এ ধরনের একটি অনুষ্টানে মারাত্বক ভুল তথ্য কোনমতেই গ্রহণযোগ্য নয়। যথেষ্ট অনুসন্ধান গবেষণা করেই এ জাতীয় অনুষ্টান তৈরী করা হয়। তাই কিভাবে দেশের একজন বিখ্যাত মরমী কবির মূখাবয়বের পরিবর্তে অন্য কেউ একজনের ছবি প্রদর্শিত হয়, আমার কাছে বোধগম্য নয়। এরা কোন পর্যায়ের লোক গবেষক, আমার দেশের গবেষণার মান কোথায় গিয়ে ঠেকেছে ভেবে খুবই কষ্ট পাই। এ অনুষ্টানের মাধ্যমে দর্শকরা যে ভুল দুর্বীন শাহের পরিচয় পেলেন, তা থেকে আরো অনেকেই এ ভুলের পুনরাবৃতি করতে থাকবেন। এর জন্য দায়ী হবে কে ?
অবশ্য বছর কয়েক আগে আরো কেউ একজন ইউ টিউবে এই একই ভুল করে একটি ভিডিও এডিট করে আপলোড করেছিলেন। তবে তিনি কোন গবেষক বা টিভি কতৃপক্ষ ছিলেন না। একজন ব্যক্তি বিশেষ ছিলেন। তার সাথে যোগাযোগ করে তার ভুল বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, ঐ ভুল থেকেই ম্যাজিক বাউলিয়ানার এ ভুল হয়েছে ! আর এরপর ম্যাজিক বাউলিয়ানার ভুল অনুসরণ করে আরো কতজন যে একই ভুল করবেন, তা ভাবলেই গা শিউরে উঠে।
একজন প্রবাসী হিসেবে আমার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেই, অনুরুধ রাখবো, মাছরাংগা টেলিভিশনের এ ভুল কেউ না কেউ তাদের দৃষ্টিগোচর করবেন। একটি বড় ভুল যাতে পুনরাবৃতি না ঘটে, সে ব্যাপারে কেউনা কেউ ভূমিকা রাখবেন,
এ প্রত্যাশা রইলো।
-হাসনাত মুহ. আনোয়ার, ইউ কে
ম্যাজিক বাউলিয়ানায় ভুল তথ্য: আসল দুর্বীন শাহ, ভুল দুর্বীন শাহ
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০৭:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
- 446
জনপ্রিয় সংবাদ






















