হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। পাশাপাশি, দেশে সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দাখিল করেন। এতে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারির আবেদন করা হয়েছে। আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
রিটে আদালতের কাছে জানতে চাওয়া হয়েছে—হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ না নেওয়া কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্বের বাইরে বলে ঘোষণা করা হবে না।
এতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে টিকাদান কার্যক্রম নিশ্চিত করতে না পারা, টিকার পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে ব্যর্থতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও জরুরি প্রতিক্রিয়ায় ঘাটতি—এসবই সংবিধানের পরিপন্থী।
এছাড়া, অবিলম্বে সারাদেশে বিশেষ হাম টিকাদান কর্মসূচি চালু করা, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা এবং দেশের সব এলাকায় পর্যাপ্ত চিকিৎসাসেবা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউ সুবিধাসহ একটি কার্যকর জরুরি সাড়া ব্যবস্থার গড়ে তোলার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।












