সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা নিম্নমানের খাবার সরবরাহ মেনে নেওয়া হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীরও কঠোর নির্দেশনা রয়েছে।
সোমবার (১৮ মে) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মিড-ডে মিল কার্যক্রম নিয়ে এক জরুরি বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কর্মসূচি ঘিরে অনিয়মের খবর প্রকাশের পর পরিস্থিতি মূল্যায়নে এই সভার আয়োজন করা হয়।
সভায় মিড-ডে মিল কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ, সরবরাহ ব্যবস্থায় পরিচয় যাচাই নিশ্চিত করা, কোনো ধরনের সাব-কন্ট্রাক্ট নিষিদ্ধ করা এবং নিয়মিত আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা।
এছাড়া শিক্ষার্থীদের খাবারের মান তদারকিতে বিদ্যালয়ভিত্তিক অভিভাবকদের নিয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মিড-ডে মিল কার্যক্রমে অভিযোগ ও অনিয়ম তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, এ কর্মসূচিতে দুর্নীতি বা অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।












