ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তেজনা বাড়ছে প্রতিদিন। ইতোমধ্যে ব্রাজিল, স্পেনসহ কয়েকটি দেশ তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াড কবে প্রকাশ হবে, তা নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশকে আগামী ৩০ মের মধ্যে চূড়ান্ত দল জমা দিতে হবে। এরপর ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের স্কোয়াড প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
জানা গেছে, আগামী শনিবার (৩০ মে) আর্জেন্টিনা দল যুক্তরাষ্ট্রের কানসাস সিটির উদ্দেশে রওনা দিতে পারে, যেখানে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ক্যাম্প শুরুর দিন অথবা তার আগেই দল ঘোষণা করতে পারে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে—৭ জুন হন্ডুরাস এবং ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচগুলোকে মূল আসরের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কোচ লিওনেল স্কালোনি শুরুতে ৩২ সদস্যের বড় একটি দল নিয়ে ক্যাম্পে যেতে পারেন, যাতে চোট বা অন্য কোনো কারণে শেষ মুহূর্তে সমস্যা তৈরি হলে বিকল্প রাখা যায়।
দলের সম্ভাব্য তারকাদের নিয়েও চলছে আলোচনা। অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি লাউতারো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের স্কোয়াডে থাকার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা আর্জেন্টিনা সমর্থকদের।











