পূর্বাচলে নির্মাণাধীন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে নৌকার আদলে তৈরি করা নকশা পুরোপুরি বাতিল না করে প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন আনার কথা জানিয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল।
শনিবার স্টেডিয়াম এলাকা পরিদর্শনে যান তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে তামিম বলেন, পুরো ডিজাইন প্রতিমন্ত্রীকে দেখানো হয়েছে এবং কোথায় কোথায় পরিবর্তন দরকার, তা ব্যাখ্যা করা হয়েছে। তিনি জানান, অপ্রয়োজনীয় পরিবর্তন নয়—শুধু প্রয়োজনীয় জায়গাতেই সংশোধন আনা হবে।
নতুন বোর্ড আগের ডিজাইনারদের সঙ্গে আবারও আলোচনা করবে বলেও জানান তিনি। প্রয়োজনে অন্য প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করার সম্ভাবনা রয়েছে। বড় এই প্রকল্প বাস্তবায়নে সরকারের বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তামিম।
শুরুতে শুধুমাত্র ক্রিকেটকেন্দ্রিক স্টেডিয়াম তৈরির পরিকল্পনা থাকলেও এখন সেই ভাবনায় পরিবর্তন এসেছে। নতুন পরিকল্পনায় একাধিক খেলাধুলার সুযোগ রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম অবশ্যই নির্মাণ করা হবে এবং পাশাপাশি মাল্টিপারপাস স্পোর্টস সুবিধাও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, এই প্রকল্প নিয়ে আর কোনো জটিলতা রাখতে চান না তারা। সমন্বয়ের মাধ্যমে দ্রুত আধুনিক স্টেডিয়াম ও অন্যান্য ক্রীড়া সুবিধা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
তামিমও একই সুরে বলেন, এটি একটি বড় প্রকল্প এবং ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলার উন্নয়নেও বিসিবির ভূমিকা থাকা উচিত। সেই লক্ষ্যেই পরিকল্পনায় বিভিন্ন খেলাকে অন্তর্ভুক্ত করার চিন্তা করা হচ্ছে।












