বাংলাদেশ সফরে আসা চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং (Liu Haixing) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চীনা প্রতিনিধিদলের প্রধান। এ সময় তাঁর সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত ১১টার দিকে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান লিউ হাইশিং। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি চীনা প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের নিয়ে বাংলাদেশে আসেন।
সফরসূচি অনুযায়ী, বাংলাদেশে অবস্থানকালে লিউ হাইশিংয়ের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
চীনা প্রতিনিধিদলের এই সফরকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সফর হিসেবে দেখা হচ্ছে।











