ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্স’ দিয়ে দর্শক-ভক্ত ও সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। মুক্তির পর থেকেই নানা টেকনিক্যাল জটিলতায় পড়া সিনেমাটি ঈদের বাজারে আশানুরূপ সাড়া পায়নি।
মুক্তির ১০ দিন পর বিষয়টি নিয়ে জনসমক্ষে কথা বলেন এই অভিনেতা। ৩১ মার্চ রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা, অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু, অভিনেতা ডা. এজাজ, ইন্তেখাব দিনারসহ সংশ্লিষ্টরা।
শাকিব খান বলেন, ‘প্রিন্স’ সিনেমার গল্প শোনার পর এটি নিয়ে আমার বড় প্রত্যাশা ছিল। কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা পরিকল্পনামতো কাজটি সম্পন্ন করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্ক থাকব।’
তিনি আরও বলেন, ‘আমি সাধারণত অনেকগুলো গল্প যাচাই করে একটি নির্বাচন করি। তবে এবার পরিস্থিতি ভিন্ন ছিল। আমরা তিন মাস ভারতে কাজের অনুমতি পাইনি, পরে সেট পরিবর্তন করতে হয়েছে। এতে সময়ের ওপর চাপ তৈরি হয় এবং ঈদের আগের দিন পর্যন্ত শুটিং চালিয়ে যেতে হয়েছে।’
শুটিংয়ের ব্যস্ততার প্রসঙ্গে তিনি জানান, ‘আমার ক্যারিয়ারে এই প্রথম ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করেছি। সময়ের স্বল্পতার কারণে কিছু কাজ দ্রুত শেষ করতে হয়েছে, যার প্রভাব ছবিতে পড়েছে।’
প্রযুক্তিগত দিক নিয়েও কথা বলেন তিনি। শাকিব খান জানান, মুক্তির পর প্রথম কয়েকদিন মাল্টিপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত না হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।
তিনি বলেন, ‘ঈদের পর কয়েকদিন আমরা মাল্টিপ্লেক্সে যেতে পারিনি, যা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল।’
এ সময় নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সিনেমা ইন্ডাস্ট্রিকে শুধু বিনোদনের জায়গা হিসেবে না দেখে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত। শিল্পের উন্নয়নে প্রয়োজন যথাযথ সহযোগিতা।’


















