অ্যামাজনে ১৬০০০ কর্মী চাকরিচ্যুত
১৬ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন। গত বুধবার কম্পানিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেটি এ ঘোষণা দেন। এর আগে গত অক্টোবরে ১৪ হাজার কর্মীকে চাকরিচ্যুত করে অ্যামজন। তিনি জানান, কম্পানির অভ্যন্তরে আমলাতান্ত্রিকতা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্যালেটি জানান, বেশির ভাগ মার্কিন কর্মী অ্যামাজনের ভেতরেই অন্য পদ খুঁজে নেওয়ার জন্য ৯০ দিন সময় পাবেন। যাঁরা নতুন কোনো কাজে খাপ খাওয়াতে পারবেন না তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এ সময়ের মধ্যে তাঁদের স্বাস্থ্য বীমা সুবিধাও বহাল থাকবে।এআইয়ের কারণে কম্পানিটি এখন রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।
এর ফলে এআই অগ্রগতির সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্য কর্মী ছাঁইয়ের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।গত বছর কম্পানিটির সিইও অ্যান্ডি জেসি বলেন, এআইয়ের দক্ষতা বাড়লে দীর্ঘ মেয়াদে কর্মী সংখ্যাও কমে আসবে। বিশ্বব্যাপী অ্যামাজনের ১৫ লাখ কর্মী রয়েছেন। করপোরেট বিভাগের কর্মীসংখ্যা সাড়ে তিন লাখ।
এর মধ্যে কম্পানিটির মোট জনবলের ১০ শতাংশ কর্মী চাকরি হারিয়েছেন।বিগত কয়েক বছরে ব্যবস্থাপকদের বিভিন্ন স্তরের পদ কমিয়েছে অ্যামাজন। অতিরিক্ত কর্মী ছাঁটাই করে ব্যয় কমানোর পাশাপাশি কর্মদক্ষতা যাচাইয়ের পদ্ধতিতেও পরিবর্তন এনেছে তারা। এ ছাড়া করোনা-পরবর্তী সপ্তাহে পাঁচ দিন অফিসে আসার নিয়ম জারি করেছে। করোনা মহামারি চলাকালে অ্যামাজনের ব্যবসা তুমুল গতিতে বড় হয়েছিল।