২০২৬ সাল শুরু, বিশ্বের অন্য ধনীরা যখন লাভের খাতা খোলার অপেক্ষায়, তখন এই বছর এরই মধ্যে ইলন মাস্কের সম্পদ বেড়েছে ৫৩ বিলিয়ন ডলারের বেশি। ২০২৫ সাল শেষে ইলন মাস্কের সম্পদ ছিল ৭২৬ বিলিয়ন ডলার। গতকাল রবিবার তাঁর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯.৭ বিলিয়ন ডলার।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ইলন মাস্কের সম্পদ যে হারে বাড়ছে, তাতে শিগগিরই ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ইলন মাস্কের সম্পদমূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার হয়ে যাবে।
সেই পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন তিনি।ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হওয়ার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজিন নিশ্চিত করেছে, চলতি মাসের শুরুতে মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংস বিনিয়োগকারীদের কাছ থেকে ২০ বিলিয়ন বা দুই হাজার কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। কম্পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ বিলিয়ন বা ২৫ হাজার কোটি ডলার।
গত মার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআইকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম কম্পানি এক্সের (সাবেক টুইটার) সঙ্গে একীভূত করার সময় মাস্ক বলেছিলেন, এই কম্পানির মূল্য হবে ১১৩ বিলিয়ন বা ১১ হাজার ৩০০ কোটি ডলার। বাস্তবে দেখা যাচ্ছে, এই কম্পানির মূল্য তার চেয়ে অনেক বেশি। ফোর্বসের হিসাবে এই চুক্তির ফলে এক্সএআই হোল্ডিংসে মাস্কের ৪৯ শতাংশ শেয়ারের মূল্য ৬২ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ১২২ বিলিয়ন বা ১২ হাজার ২০০ কোটি ডলার।