ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫% শুল্ক
ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১.৮৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৬০.৫৬ ডলার। গত এক সপ্তাহে এই তেলের দাম বেড়েছে ৫.৭৪ শতাংশ।
এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম গতকাল ১.৭২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৬৪.৯৩ ডলার। এক সপ্তাহে এই তেলের দাম বেড়েছে ৬.৭০ শতাংশ।গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের সঙ্গে যেকোনো ধরনের বাণিজ্য করে এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, তা নিয়ে ভাবনার মধ্যেই এমন ঘোষণা এসেছে।
ট্রাম্প পোস্টে বলেছেন, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি আরো বলেছেন, এই আদেশ চূড়ান্ত ও অপরিবর্তনীয়। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানানি। ইরানি পণ্যের প্রধান বাণিজ্যিক অংশীদারগুলোর মধ্যে রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত ও ভারত।