দেশের বাজারে আরেক দফা সোনার দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৫ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে এবার সোনার সঙ্গে রুপার দামও বাড়ল। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৯২৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৬৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৬৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ চলতি বছরের ৪ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।



















