গত ডিসেম্বর মাসে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ শনিবার (৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে এই তথ্য জানান।
এনবিআর জানায়, গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করে এনবিআর। এ বছর ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্য ছিল— ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ভ্যাট নিবন্ধন ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এনবিআর সূত্রে জানা যায়, ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী এক লাখ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে চিহ্নিত করে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন মাঠপর্যায়ে জরিপ ও ক্যাম্পেইন পরিচালনা করে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ডিসেম্বর মাসেই এক লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন সম্পন্ন করে।
গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ ভ্যাট থেকে আদায় হয়েছে। ভ্যাটের আওতা বৃদ্ধির মাধ্যমে এ খাত থেকে আদায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোসম্ভব। ভ্যাটের আওতা বাড়ানোর লক্ষ্যে ইতিমধ্যে বিদ্যমান ভ্যাট আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার অধিক হলেই ভ্যাট নিবন্ধনের বিধান করেছে বর্তমান সরকার।
ভ্যাট নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠানসমূহের সহজে ভ্যাট নিবন্ধন করা, নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সংগৃহিত ভ্যাট সহজে অনলাইনে সরকারি কোষাগারে জমা দেয়া, eVAT সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেয়া এবং অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেয়ার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
























