ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী ও চরম ডানপন্থী নেতা মেরিন লি পেন-এর চিফ অব স্টাফ ক্যাথেরিন গ্রিসেট-এর বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির বিচার বিভাগ। বুধবার ক্যাথেরিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। এর আগে সংসদের এক সহকারীকে অর্থ প্রদানের ক্ষেত্রে ইইউ তহবিল অপব্যবহারের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্যাথেরিনকে লি পেন-এর দেহরক্ষী থিয়েরি লেজিয়ের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে থিয়েরিকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার প্রতিক্রিয়ায় লি পেন জানিয়েছেন, তিনি কোনও অপরাধ করেননি। তার প্রচারণায় বিঘ্ন ঘটাতেই এ তদন্ত করা হচ্ছে।
এর আগে সোমবার সন্ধ্যায় লি পেনের দলের সদর দফতরে তল্লাশি চালিয়েছে দেশটির পুলিশ। ইউরোপীয় ইউনিয়নের অর্থ অপব্যবহারের অভিযোগে আনুষ্ঠানিক তদন্তের অংশ হিসেবে ওই অভিযান চালানো হয়।
ফ্রান্সের রক্ষণশীল দল বলে পরিচিত ন্যাশনাল ফ্রন্ট (এনএফ) পার্টি। এ পার্টির নেতা হিসেবে এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় প্রধান লি পেন।
লি পেন-এর চিফ অব স্টাফের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত একই সঙ্গে আরকে ডানপন্থী নেতা ফ্রান্সয়েস ফিলনেরও দুর্নীতিও সামনে নিয়ে এসেছে। ফিলনের বিরুদ্ধেও সরকারি অর্থ অপব্যবহারের তদন্ত হচ্ছে। সূত্র: রয়টার্স।























