আইনি অস্ত্রের বেআইনি প্রয়োগ হচ্ছে: নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক: আইনি অস্ত্রের বেআইনি প্রয়োগ হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আইনি অস্ত্রের বেআইনি প্রয়োগ হচ্ছে। আমাদের আইনি অস্ত্র নেই। আমাদের অস্ত্র জনগণ। জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার নয়াপল্টনে ভাসানী ভবনে জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। কারণ তারা জানে জনগণ তাদের ভোট দিবে না। এ কারনেই বিএনপির নেতাকর্মীদের জেলে দিয়ে নিজেদের লোক দিয়ে নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায়।
এসময় তিনি আরো বলেন, এক খেলা বার বার খেলা যায় না। কৌশলে বার বার নির্বাচনেও আসা যায় না, বিএনপি গণতান্ত্রিক দল। আন্ডার গ্রাউন্ড দল বিএনপি নয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় বিএনপি।
গণতন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্রকে অপমান করা হয়েছে। যে গণতন্ত্র কে ৫২ এবং ৭১ রক্তের বিনিময়ে অর্জন করেছি, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য আওয়ামী লীগ সেই গণতন্ত্র কে হত্যা করেছে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক এমপি রও শন আরা ফরিদ, দক্ষিণ মহিলা দলের সভাপতি রাজিয়া আলিম, উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা প্রমুখ।























