কুমিল্লা সিটি ও সুনামগঞ্জ-২ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৩০ মার্চ
নিজস্ব প্রতিবেদক: আটকে থাকা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শূন্য আসনে উপ নির্বাচন হবে ৩০ মার্চ।
নতুন নির্বাচন কমিশনের প্রধান কে এম নূরুল হুদা সোমবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে আলাদাভাবে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, এ দুই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা আগামী ২ মার্চ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সুনামগঞ্জে ৫ মার্চ মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত। আর কুমিল্লায় ৫ ও ৬ মার্চ যাচাই-বাছাই শেষে ১৪ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার হলেন রকিব উদ্দিন মণ্ডল। কুমিল্লা অঞ্চল কুমিল্লা। আর সুনামগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার হলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল সিলেট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-২ অাসনে মোট ভোটার সংখ্য ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ২২৮ জন ও নারী ১ লাখ ২৬ হাজার ২০২ জন। সম্ভাব্য মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১০টি। ভোট কক্ষের সংখ্যা ৫০২টি। ইউনিয়নের সংখ্যা ১৩টি, উপজেলার সংখ্যা ২টি দিরাই ও শাল্লা। পৌরসভার সংখ্যা একটি দিরাই পৌরসভা।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৩২৯ জন। নারী ১ লাখ ৫ হাজার ৫৫ জন। সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫টি। ভোট কক্ষের সংখ্যা ৪২১টি। উপজেলার সংখ্যা দুটি অাদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা। সাধারণ ওয়ার্ড সংখ্যা ২৭টি ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৯টি।
বর্ষীয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৫ বারের সংসদ সদস্য প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-শল্লা) আসনটি শূন্য হয়। এ ছাড়া নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
























