ইরাক-সিরিয়ার চেয়েও বেশি বোমা বিস্ফোরণ ভারতে
আন্তর্জাতিক ডেস্ক,
গত বছরে ভারতে সবচেয়ে বেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকী সিরিয়া, ইরাক, আফগানিস্তান, পাকিস্তানের চেয়ে বেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে দেশটিতে। সম্প্রতি ভারতের জাতীয় বোমা তথ্য কেন্দ্র(এনবিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে।
বুধবার ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিক্যালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ভারতে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস(আইইডি)সহ ৪০৬টি বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাক। সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ২২১টি।
এনবিডিসির প্রকাশ করা প্রতিবেদনে হতাহতের কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। জাতীয় নিরাপত্তা বাহিনীর অধীনে বোমা বিস্ফোরণ পরবর্তী ঘটনার অনুসন্ধান করে এনবিডিসি। তারা বিশ্বব্যাপী মুক্ত উৎস থেকে সংগৃহীত তথ্য নিয়ে এই পরিসংখ্যান তৈরি করেছে।
প্রতিবেশী দেশ পাকিস্তানে গত বছর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ১৬১টি। আর আফগানিস্তানে ১৩২, তুরস্কে ৯২, থাইল্যান্ডে ৭১, সিরিয়া ৫৬, মিশরে ৪২ এবং বাংলাদেশে ২৯টি।
এনবিডিসি জানায়, এই জরিপ প্রকৃত সংখ্যা এবং ঘটনার বিস্তারিত বিবরণ নিশ্চিত করে না। সংস্থাটি তাদের বার্ষিক প্রতিবেদন এই ধরনের ঘটনাকে ‘বম্বশেল’ বলে আখ্যা দিয়েছে।
ভারতে ৪০৬টি ঘটনার মধ্যে ৩৩৭টিতে আইইডি বোমা ব্যবহার করা হয়েছে।আর বাকি ৬৯টির ঘটনার ক্ষেত্রে গ্রেনেড, গোলা বারুদ ইত্যাদি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
এনবিডিসির প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন সময়ে পুলিশের রেকর্ড থেকে পাওয়া তথ্য নিয়ে এই জরিপ তৈরি করা হয়েছে। এতে প্রকৃত সংখ্যা ও ঘটনা নিশ্চিতভাবে ইঙ্গিত করে না।
গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরে বোমা বিস্ফোরণে ঘটনা গত বছর ১২১ শতাংশ বেড়েছে। গত বছরের জুলাইয়ে কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনের নেতা বুরহান ওয়ানির মৃত্যুর বোমা হামলার ঘটনা বৃদ্ধি পায়। কাশ্মিরে ২০১৫ সালে ১৪টি আইইডি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু ২০১৬ সালে তা এসে দাঁড়ায় ৩১-এ।























