ঠাকুরগাঁওয়ে আল্লাহর দলের বিভাগীয় প্রধানসহ ৪ জন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের বিভাগীয় প্রধানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ঠাকুরগাঁও পৌর শহরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-পাবনা জেলার আটঘরিয়ার আব্দুল মোতালিবের ছেলে ফকরুল ইসলাম বাবু (৩১), ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার হামিদের ছেলে আরিফ হোসেন (২২), সদর উপজেলার সালন্দর এলাকার সফিউল্লাহর ছেলে রব্বানী হক ফজলু (২৪) ও কুষ্টিয়া জেলার খন্দকার হালিমের ছেলে মজিবুল ইসলাম মিরন (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌর শহরের কৃষি ব্যাংকের কর্মকর্তা মোতাহার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের ফকরুল ইসলাম বাবু। তিনি জেলার বিএডিসি কার্যালয়ে কর্মরত ছিলেন। সেই থেকে ফখরুল ইসলাম ও মজিবুল ইসলাম মিরন আল্লাহর দলের কার্যক্রম পরিচালনা করতেন। বিভিন্ন মাধ্যমে ফকরুল ও মিরন ঠাকুরগাঁওয়ে আল্লাহর দলের সরকারবিরোধী ও ইসলামী প্রচারণা চালিয়ে সদস্য সংগ্রহ করতেন। পুলিশ দীর্ঘদিন তাদের নজরদারিতে রাখেন। সোমবার রাতে প্রথমে ফকরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে ফকরুলের তথ্য মতে বিভিন্ন স্থান থেকে আরও ৩ জনকে আটক করা হয়। এ সময় পুলিশ সরকারবিরোধী আল্লাহর দলের বিভিন্ন আলামত উদ্ধার করে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রেস বিফিংয়ে পুলিশ সুপার ফারহাত আহম্মেদ এসব তথ্য জানান। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ২ শতাধিক আল্লাহর দলের সদস্য রয়েছে বলেও জানান তিনি।





















