আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ট্রেন দুর্ঘটনার জন্য চালক বা কোনও রেলকর্মীর দোষ নেই সাফ জানিয়ে দিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ। ফলে এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে প্রতিবেদন প্রকাশ করেছেন আনন্দবাজার পত্রিকা।
গত শুক্রবার (১৯ অক্টোবর) রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। পরে শনিবার তিনি বলেন, ‘যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, তা কোনও ক্রসিং নয়। তাই সেখানে কোনও নিরাপত্তামূলক ব্যবস্থা রাখার প্রশ্নই আসে না।দু’টি স্টেশনের মাঝে ট্রেন তার স্বাভাবিক গতিতে চলবে,এটাই নিয়ম।এক্ষেত্রেও তাই হয়েছে।’
তিনি আরো জানিয়েছেন,এই এলাকায় কোনও অনুষ্ঠান চলছে,সেরকম কোনও খবরও রেল কর্তৃপক্ষকে কেউ জানায়নি।তাই আগে থেকে কোনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি।
এদিকে অনুষ্ঠান আয়োজকদের চরম দায়িত্বজ্ঞানহীনতার খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।এক প্রতিবেদনে দাবি করা হয়,ট্রেন দুর্ঘটনার কিছুক্ষণ আগেই এক আয়োজক মাইকে ঘোষণা করেন,‘রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকলেও আমাদের কিছু আসে যায় না।লাইন দিয়ে ৫০০ ট্রেন গেলেও আমরা এখান থেকে সরবো না।’
অন্যদিকে এ ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেসের বিধায়ক নভজ্যোৎ সিধু কউর। তাকে উদ্দেশ্য করেই এই বক্তব্য রেখেছিলেন এক আয়োজক।দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুলও তুলেছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও, ৬১জন সাধারণ মানুষের মৃত্যু নিয়ে গতকাল শনিবার (২০ অক্টোবর) শোকে স্তব্ধ ছিলো গোটা পাঞ্জাব।শিবপুরীর কাছে দুর্গানিয়া মন্দিরের শ্মশান রীতিমতো গণচিতার রূপ ধারণ করেছিলো।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় ৬১ জন নিহত হয়। দুর্গপূজার দশমীর রাতে রাবণের কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠান চলাকালে চলন্ত ট্রেনের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই শতাধিক মানুষ আহত হয়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা




























